
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা তৃতীয় দিনে পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নেন। এসব ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়।
গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শারীরিক সক্ষমতা যাচাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রার্থীরা এ ধাপে উত্তীর্ণ হয়েছেন। পরবর্তী ধাপগুলোর জন্যও তাঁদের একইভাবে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়ানোর প্রয়োজন নেই। মেধা, যোগ্যতা ও সততাই এখানে সফলতার একমাত্র ভিত্তি।”
জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে সম্পন্ন করা হচ্ছে। “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।



