
প্রকাশিত
আয়নাল ইসলাম ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়ায় রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গর্তে ডুবে সুমন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরিয়ান (৯) নামে অপর এক শিশু।
সোমবার (৮ জুন) দুপুরে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পেছনে নতুন রাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার স্বল্প পুনিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে। সে কান্দিপাড়া নিউ মডেল অ্যাকাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী। আহত আরিয়ান কান্দিপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে এবং কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাস্তা নির্মাণের জন্য আশপাশের ফসলি জমি থেকে মাটি উত্তোলনের কারণে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্ষার পানিতে গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে। সোমবার দুপুরে সুমন, আরিয়ানসহ কয়েকজন শিশু ওই গর্তের পাশে খেলছিল। একপর্যায়ে সুমন ও আরিয়ান পানিতে পড়ে তলিয়ে যায়।
তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আরিয়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রাস্তা নির্মাণের জন্য খনন করা ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট বা নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



