
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকে থাকা ৮টি গরুর মধ্যে ৪টি জীবিত উদ্ধার করা হলেও বাকি ৪টির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গরুর বেপারীর আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
আজ শুক্রবার সকাল ৫টার দিকে সদর উপজেলার কাজুলিয়া মাদ্রাসা ব্রিজ ও ধোরাল ব্রিজের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গরুবাহী ট্রাকটি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খাল থেকে ৪টি গরুকে জীবিত উদ্ধার করা হয়। তবে দীর্ঘ চেষ্টা চালিয়েও আরও ৪টি গরুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খালে ভেসে ওঠে গরুগুলোর মৃতদেহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গরুর বেপারী কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে উপস্থিত মানুষের মাঝেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



