

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। নিহত সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় আহত হয়েছেন শামছুল ইসলাম নামের আরও একজন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামছুল ইসলামের নতুন টিনশেড ঘরের বেড়া নির্মাণ কাজ চলছিল। এ সময় সাকিব ও তার ফুফা আব্দুল জব্বার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত টিনের বেড়া বাড়ির আঙিনায় থাকা বৈদ্যুতিক লাইনের তারে লেগে যায় এবং তারটি ছিঁড়ে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথে আব্দুল জব্বার ও সাকিব মিয়া মারা যান।
খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাওহীদ আনোয়ার রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


















আপনার মতামত লিখুন :