
প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২২
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পৌর ভবন ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিসংযোগকৃত মোটরসাইকেলের আগুন নেভাতে শৈলকূপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সাথে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিলো। এরই জের ধরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পৌর কর্মচারী মহিদুল নামের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। মহিদুল চর আউশিয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শৈলকুপার থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।


