print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি ২০২২

স্পোর্টস ডেস্ক ঃ

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাতে পেস আক্রমণের বিকল্প নেই- এ কথা বুঝতে পেরেছিল বাংলাদেশ দল। যে কারণে প্রথম ম্যাচের একাদশে তিন পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছিল মেহেদি হাসান মিরাজকে।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্টই বাংলাদেশকে এনে দিয়েছে অবিস্মরণীয় জয়। দুই ইনিংস মিলে সাত উইকেট (১/৭৫ ও ৬/৪৬) নিয়ে ম্যাচসেরাই হয়েছেন এবাদত। এছাড়া তিনটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শরিফুল।

বিশেষ করে দ্বিতীয় ইনিংসে পেসাররাই নিয়েছেন ৯টি উইকেট আর ম্যাচে তাদের শিকার ১৩ উইকেট। যা কি না এক টেস্টে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। আর পেসারদের এই সাফল্যে মিডিয়ার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক।

কেননা ২০১৬ সালের পর থেকে স্পিন আক্রমণের দিকেই বেশি ঝুঁকে পড়েছিল বাংলাদেশ দল। দেখা যেত, দেশের মাটিতে তিন-চার স্পিনারের সঙ্গে নামকাওয়াস্তে এক পেসার নেওয়া হয়েছে দলে। এমনকি পেসার ছাড়া খেলারও নজির গড়েছে বাংলাদেশ।

শুধু তাই নয়, বিদেশের মাটিতেও দুই পেসারের বেশি খেলানোর সাহস দেখাতে পারতো না টাইগাররা। তখন স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতো, একাদশে পেসারদের না নিলে তাদের উন্নতি বোঝা যাবে কীভাবে? শুধু স্পিন আক্রমণ দিয়েই কি সবসময় পাওয়া যাবে সাফল্য?

সেসব দিনের কথা মনে রেখেছেন মুমিনুল। তাই তো আজ ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয়, এই ক্ষেত্রে (পেসারদের সাফল্য) আপনাদের বিরাট ভূমিকা রয়েছে।

প্রায় ২০ বছরের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে দফায় দফায় সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে গত পাঁচ বছরেই এ নিয়ে তৃতীয়বার গিয়েছে টেস্ট সিরিজ খেলতে। কিন্তু তিন ফরম্যাট মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে মোট ৩২ ম্যাচ খেলেও কোনো জয় ছিল না বাংলাদেশের।

অবশ্য ঘটেছে অপেক্ষার সমাপ্তি। নিউজিল্যান্ডের মাটিতে ২০২২ সালের প্রথম দিন থেকে শুরু হওয়া ম্যাচটিই জিতে নিয়েছে মুমিনুল হকের দল। তাও কি না পুরো পাঁচ দিন ধরে দাপুটে ক্রিকেট খেলেই ৮ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পঞ্চম স্থানে বাংলাদেশ

ইতিহাস রচনা করলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ২০২২ সাল শুরু করেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
এর আগে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করলেও এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। আজ সেটিকেই বাস্তবায়ন করলো টাইগাররা। সেইসাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সেইসাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম নম্বরে উঠে গেছে মোমিনুল বাহিনী। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকা। তাদের পয়েন্ট শতাংশ ১০০। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত। এই দুই দলের পয়েন্ট শতাংশ (পাকিস্তান ৭৫.০০), (ভারত ৬৩.০৯)।