
প্রকাশিত,০৭, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল, আমরা মতামত দিয়ে দুপুরে এটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’মতামতে কী বলা হয়েছে, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপর চূড়ান্ত হবে। এর আগে তো আমি কিছু বলতে পারব না।’
গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার,
উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনে মতামত দিয়ে সেটি মঙ্গলবার আবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগের বারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে।
গত ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের কয়েক দিন আগে খালেদার ভাই শামীম এস্কান্দার আবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জার্মানিতে রয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। তিনি দেশে আসার পর খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে জানা যাবে।


