
প্রকাশিত
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের অধিকাংশই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। একসঙ্গে এত সংখ্যক প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে শ্রমিকরা নিরাপদে বের হতে পারেননি। পরে সৌদি আরবের সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। প্রবাসে কর্মরত এসব শ্রমিক পরিবারের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।