
প্রকাশিত, ০৯ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ
হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ডুবে গেছে ভারত।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেছেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা।
আরেক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, জেনারেল বিপিন রাওয়াত অসাধারণ সৈনিক ছিলেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।
শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি বলেছেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তার অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শোক জানিয়ে বলেছেন, জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানাই। এটি অভূতপূর্ব ট্র্যাজেডি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। এর বাইরেও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার প্রতিও আন্তরিক সমবেদনা। এই শোকে ভারত ঐক্যবদ্ধ।
স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির তামিলনাড়ু রাজ্যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুনুরে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।
বিপিন রাওয়াত ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)। ২০১৯ সালে ভারত সরকার পদটি তৈরির পর থেকেই এর দায়িত্বে রয়েছে তিনি। বিপিন রাওয়াত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম উপদেষ্টাও
বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় চার দশক ভারতীয় সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এ কর্মকর্তার। একসময় ভারতশাসিত কাশ্মীর এবং চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি।
ভারতের উত্তর-পূর্ব সীমান্তে সশস্ত্র সংঘাত কমানো এবং প্রতিবেশী মিয়ানমারে আন্তঃসীমান্ত বিদ্রোহ দমন অভিযানে তদারকির জন্য বিপিন রাওয়াতকে অনেকটা কৃতিত্ব দেওয়া হয়।
হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগেই অবশ্য ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন। গুরুতর আহত এক পুরুষ আরোহীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেসময় বিপিন রাওয়াত জীবিত নাকি মৃত তা নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীই বিষয়টি নিশ্চিত করলো