
প্রকাশিতঃ ০৫, নভেম্বর ২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় দিয়ে শ্রীলঙ্কার জয়।
শিমরন হেটমায়ার আফসোস করতে পারেন। তিনি যে ঝড় তুলেছিলেন, সেটা যদি আর একটি ওভার আগে তুলতে পারতেন, তাহলে ম্যাচের ফলটা ভিন্ন হলেও হতে পারতো। কিংবা হেটমায়ারকে যোগ্য সঙ্গ দিতে পারতেন যদি কেউ?
কিন্তু কিছুই হলো না। শেষ মুহূর্তে ক্যারিবিয়ান টর্নেডো চালিয়েও দলকে জেতাতে পারলেন না হেটমায়ার। তার ঝড়ে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। সে সঙ্গে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নদের।
আবুধাবিতে ম্যাচটিতে টস জিতে লাঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন কুশল পেরেরা ও পাথুম নিসাঙ্কা। আউট হওয়ার আগে ২ চার ও ১ ছয়ের মারে ২১ বলে ২৯ রান করেন কুশল। পাওয়ার প্লে'তে শ্রীলঙ্কা পায় ৪৮ রান।
দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন দুই ইনফর্ম ব্যাটার চারিথ আসালাঙ্কা ও পাথুম নিসাঙ্কা। দুজন মিলে ১০.১ ওভারে যোগ করেন ৯১ রান। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরার আগে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি করেন নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৫১ রানের ইনিংস।
নিসাঙ্কার চেয়ে বেশিই মারমুখী ছিলেন আসালাঙ্কা। তিনি ফিফটি করতে খেলেন ৩৩ বল। সেখানেই থেমে থাকেননি। এরপর আরও সাত বল থেকে করেন ১৮ রান। ইনিংসের ১৯তম ওভারে ফেরার আগে ৪১ বলে ৮ চার ও ১ ছয়ের মারে ৬৮ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন আসালাঙ্কা।
কম যাননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও। শেষদিকে অপরাজিত ক্যামিও ইনিংসে শানাকা করেন ১৪ বলে ২৫ রান। যেখানে ছিলো দুইটি চার ও একটি ছয়ের মার। শানাকার এই ক্যামিওতে ১৮৯ রানে পৌঁছায় শ্রীলঙ্কার ইনিংস। ম্যাচ জিতে বিশ্বকাপে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৯০ রান।
এই ম্যাচে জয় পেলেও বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও। কারণ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তারা। জিতেছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের।
ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। হেটমায়ার ঝড়ে ১৬৯ রান পর্যন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২০ রানেই পরাজয় বরণ করলো ক্যারিবীয়রা।