
প্রকাশিত,২২, অক্টোবর,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
বিশ্বকাপ টি-টোয়েনটিতে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করার ইতিহাস গড়ল নামিবিয়া।
বাঁচা-মরার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আয়ারল্যান্ড কাঁদিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল নামিবিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করার ইতিহাস গড়ল দলটি।
বাঁচা-মরার ম্যাচে শুক্রবার শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে অ্যান্ড্রু বালবির্নির দল। ওপেনিং জুটিতেই আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে পল স্টার্লিং ও কেভিন ও ব্রায়েন ৬২ রান জমা করেন। ইনিংসের ৭.২ ওভারে এই জুটি ভাঙেন বার্নার্ড শোল্জ।
২৪ বলে ৩৮ রান করে ফেরেন স্টার্লিং। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ও ব্রায়েন। ২৪ বলে ২৫ রানে সাজঘরে ফেরেন তিনি। ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর অধিনায়ক বালবির্নি চেষ্টা করেছিলেন দলের রান বাড়াতে।
কিন্তু পরের ব্যাটসম্যানদের কেউ আর দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। সতীর্থদের ব্যর্থতায় বালবির্নি ২৮ বলে করেন ২১ রান।
নামিবিয়ার হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইয়ান ফ্রাইলিংক। ডেভিড ভিসে ২২ রানে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও অধিনায়ক জেরহাড ইরাসমাস ও ডেভিড ভিসার অসাধারণ ব্যাটিংয়ে ৯ বল আগেই ৮ উইকেটের জয় তুলে নেয় নামিবিয়া। ইরাসমাস ৪৯ বলে অপরাজিত ৫৩* ও ডেভিড ভিসে ১৪ বলে অপরাজিত ২৮* রানের ইনিংস খেলেন।