
প্রকাশিত,২৬, সেপ্টেম্বর,২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চলন্ত ট্রেনের ছাদে ডাকাতি করতে বাধা দেয়াতেই দুজনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৪। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ডাকাত দল আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ একটি চক্র।
গ্রেফতাররা হলেন-নগরীর শিকারীকান্দা এলাকার আশরাফুল ইসলাম স্বাধীন (২৬), বাঘমারা এলাকার মঞ্জু মিয়ার ছেরে মাকসুদুর হক রিশাদ (২৮), সাব্বির খানের ছেলে মো. হাসান (২২), মৃত আশরাফ আলীর ছেলে রুবেল মিয়া (৩১) এবং সাব্বির খানের ছেলে মোহাম্মদ (২৫)।
এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ জিআরপি থানায় অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেন।
গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনটি ফাতেমা নগর স্টেশনে পৌঁছালে ছাদে কয়েকজন ডাকাত ওঠে। ডাকাতির সময় বাধা দিলে তারা প্রথমে নাহিদ মিয়া ও সাগর মিয়া নামে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়া নামে আরেকজনকে ছুরিকাঘাত করা হয়। ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে নাহিদ ও সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।