
প্রকাশিত,১১, জুলাই,২০২১
আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ।
অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
কোপা আমেরিকার ফাইনালে আজ ব্রাজিলকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এদিকে দীর্ঘ ১৪ বছর পর আর্জেন্টিনা-ব্রাজিল মেগা ফাইনালের সাক্ষী হলেন ফুটভক্তরা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ।
২২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের লম্বা করে বাড়ানো পাস থেকে বল পান ডি মারিয়া। ডান প্রান্ত থেকে ছুটে গিয়ে ব্রাজিলের গোলরক্ষক মোরায়েসের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। ২০০৪ সালে সিজার দেলগাদোর পর ডি মারিয়া প্রথম আর্জেন্টাইন ফুটবলার, যিনি কোপার ফাইনালে গোল করলেন।
ম্যাচের ৩৩ মিনিটে নেইমারকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন পারেদেস। ৩৪ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ৪৪ মিনিটে নেইমারের কর্ণার থেকে আক্রমণ চালান রিচার্লিসন। যদিও তা মাঠের বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একের পর এক জোরাল আক্রমণ করতে থাকে ব্রাজিল। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল।
এরপর সুযোগ পেয়েও আর কেউ গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত ১-০ গোলেই শেষ হয়ে এবারের আসর।
২৮ বছরের আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসে মেসির আর্জেন্টিনা।