

আয়নাল ইসলাম।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২২) নামে গফরগাঁওয়ের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
তবে জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েতপ্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
সোমবার (৩১ আগস্ট) নিহতের স্বজন মো. জায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২৯ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, জাহাঙ্গীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং জেদ্দা শহরে বসবাস করতেন। ঘটনার দিন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে নিকটস্থ একটি দোকানের উদ্দেশে বের হন। পথে একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
জাহাঙ্গীরের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। তিনি স্ত্রী ও ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে, প্রবাসী জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুতে পালইকান্দা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।