
প্রকাশিত
হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় একটি পাটগুদামে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার নগদ ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাটবাজার আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত একটি পাটগুদামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মহল্লার মৃত হেকমত উল্লাহর ছেলে টুটুল সরকার (৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এনামুল হক (৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই পাটগুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মো. মসলিম আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে পাতু (৩৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা সোমবার (১৯ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
ওসি আরও জানান, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।