

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন ঘিরে জেলার সাংবাদিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ক্রমেই বাড়ছে। এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চ্যানেল আইয়ের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক আসাদুজ্জামান বাবুল—যিনি দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা অভিজ্ঞতা নিয়ে সহকর্মীদের আস্থার কেন্দ্রে অবস্থান করছেন।
সাংবাদিকতায় তাঁর পথচলা শুরু ১৯৯৫ সালে, প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নার হাত ধরে। সেই থেকে ধাপে ধাপে নিজেকে গড়ে তোলেন একজন পরিপক্ক ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে। ২০০০ সালে একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়ে তিনি নতুন এক দিগন্তে প্রবেশ করেন। এরপর ২০০৪ সাল থেকে টানা চ্যানেল আইয়ের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে।
প্রিন্ট ও ইলেকট্রনিক—উভয় মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করা আসাদুজ্জামান বাবুল গোপালগঞ্জের সাংবাদিক সমাজে এক সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, বস্তুনিষ্ঠতা এবং নেতৃত্বগুণ ইতোমধ্যেই সহকর্মীদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে।
সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি জানান, নির্বাচিত হলে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন এই নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে এখন অভিজ্ঞ এই সাংবাদিক নেতা আসাদুজ্জামান বাবুল।


















আপনার মতামত লিখুন :