
প্রকাশিত, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ খাদিজা আক্তার রউজা গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ আর আহত শ্রমিক ২১ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার টেপিরবাড়ী গ্রামের ‘এএসএম কেমিক্যাল লিমিটেড’ নামক কারখানার হাইড্রোজেন পার-অক্সাইড প্লান্টের বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং এক ১জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আহতরা হলেন ওই কারখানার সাপ্লাইম্যান মো. টুটুল, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, অপারেটর আবির হোসেন, রোকুনুজ্জামান, কর্মকর্তা ওয়াসিম আকরাম।
ইসহাক, সুজা উদ্দিন, সিলভেস্টা, আশরাফুল, মনির ও আমিনুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আহত অপারেটর আবির হোসেন জানান, কারখানার হাইড্রোজেন পার-অক্সাইড প্লান্টে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্লান্টজুড়ে। কারখানার পাশে মুদি দোকানি মোফাজ্জল হোসেন জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে কারখানার চারপাশ। কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ জানান, আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা ব্যয় কারখানার পক্ষ থেকে বহন করা হবে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবরে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় জয়দেবপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকাসহ মোট আটটি ইউনিট এসে যোগ দেয়।