
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাঁশফোড় রানা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচ দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ফাইনাল খেলায় লালমনিরহাট জেলা দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সিলেট জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আয়কর আইনজীবী মজমুল হক প্রামাণিক এবং যুবদলের অন্যতম নেতা নাহিদ হোসেন নিঝর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিসমত আলী। এ সময় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বকুল হোসেন।
বক্তারা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তারা স্বর্গীয় লাইচি বাঁশফোড় রানার স্মৃতিকে ধরে রাখতে আয়োজকদের উদ্যোগেরও প্রশংসা করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।