
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলায় সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকের চাপায় জামিলা বেগম ও ফজিলা বেগম নামে দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা বেগম ধামের কুটি ফকিরের তকেয়া গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। অপর নিহত ফজিলা বেগম মুস্তাফি গ্রামের ফজলুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই দুই নারী হাঁটতে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।