
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট।
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ আবুল কাশেম ছিলেন বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আজীবন চেয়ারম্যান এবং পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৭১ সালের ৯ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে বড়বাড়ী ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রাশফায়ারে নির্মমভাবে শহীদ হন তিনি। তাঁর আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ আয়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে শহীদ আবুল কাশেমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়, লালমনিরহাট।