
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং নির্মাণসামগ্রী খোলা অবস্থায় পরিবহনের দায়ে আটটি যানবাহনের বিরুদ্ধে মামলা করে মোট ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে সাতটি যানবাহনের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় যানবাহনে ব্যবহৃত ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অন্যদিকে, নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ ঘটানোর দায়ে একটি ট্রাকের চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মো. আল-আমিন এবং মো. মামুনুর রশিদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দ ও বায়ুদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ এবং স্বাভাবিক জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার শব্দদূষণ বাড়ায়। অন্যদিকে, নির্মাণসামগ্রী খোলা অবস্থায় পরিবহনের ফলে সৃষ্ট ধুলাবালি বায়ুদূষণের অন্যতম কারণ।
পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।