
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল মুগডাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয় এবং স্থানীয় দুগ্ধ বিক্রেতাদের দুধের গুণগত মান পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার এবং লালমনিরহাট পৌরসভার স্যানিটারি পরিদর্শক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট চলাকালে লালমনিরহাট পৌরসভার সামনে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে সংগৃহীত দুধের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের গুণগত মান সন্তোষজনক পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
অন্যদিকে শহরের গোশালা বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স নুরুল অ্যান্ড সন্স’ নামের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগডাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।