
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর অ্যাকশন কমিটির সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুস সালাম এবং জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, নাহিদ হোসেন নিঝর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান এবং জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. তফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।