
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট জেলা শহরে অবস্থিত মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
রোববার (১৬ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী বলেন, নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারী শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
কলেজ সূত্রে জানা গেছে, প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় ছয়তলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। নতুন ভবন চালু হওয়ায় কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে ত্রাণমন্ত্রী কলেজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।