
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার রেলবাজার এলাকায় নকল ও অননুমোদিত কসমেটিক্স বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
একইসঙ্গে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসার ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও মো. মামুনুর রশিদ।
মোবাইল কোর্ট চলাকালে বাজারের বিভিন্ন কসমেটিক্স দোকান পরিদর্শন করা হয়। এ সময় নকল ও অননুমোদিত পণ্য বিক্রির অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষার স্বার্থে এ ধরনের পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি পৃথক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায় নিয়োজিত ব্যবসায়ীদের সরকারি নিয়ম অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণের আইনি বাধ্যবাধকতা সম্পর্কে অবহিত করা হয়। এ উপলক্ষে ব্যবসায়ীদের মাঝে সরকারি বিজ্ঞপ্তির কপিও বিতরণ করা হয়।
কার্যক্রমে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীদের আইনানুগ ব্যবসা পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার মনিটরিং ও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।