
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন জাতীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
জানা যায়, উপজেলার সাপ্টিবাড়ী স্কুল মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় এমপি রোকন উদ্দিন বাবুল নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন এবং সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন।
আটক ব্যক্তির বাড়ি হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত এলাকার কাছে বলে জানা গেছে। তার কাছ থেকে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আদিতমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা এমপি রোকন উদ্দিন বাবুলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনপ্রতিনিধিদের এমন সক্রিয় ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।