
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট:
লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় ভোকেশনাল রোডে নবনির্মিত মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নর্থ কিং রেস্টুরেন্টের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাটবাসীর জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক। এছাড়াও জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আধুনিক চিকিৎসা ও নির্ভুল রোগ নির্ণয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং সেবার মান বজায় রেখে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।