
প্রকাশিত
সুমন ইসলাম বাবু, লালমনিরহাট
লালমনিরহাটে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপসসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) লালমনিরহাট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আদিতমারী উপজেলার ৭ নম্বর পলাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামের বাসিন্দা মো. আনিছার রহমানের বসতবাড়ির সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আনিছুর রহমান (৩২), মো. আনিছার রহমান (৪৫), মো. আবু আক্কাস (২৪) ও মো. রমজান আলী (২১)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলছিলেন। পাশাপাশি অনলাইনে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করছিলেন।
এ সময় প্রথম আসামি মো. আনিছুর রহমানের কাছ থেকে ১০ পিস এবং দ্বিতীয় আসামি মো. আনিছার রহমানের কাছ থেকে আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের তথ্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।