

প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
১৭ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) সংসদীয় এলাকার সর্বসাধারণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনসাধারণের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়াকে অধিকতর সহজ, দ্রুত, সুশৃঙ্খল ও জনবান্ধব করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি বরাবর সকল প্রকার আবেদন অনলাইনে দাখিল করতে হবে।
এ লক্ষ্যে আবেদনকারীকে www.rokonuddinbabulmp.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। বিশেষ করে সরকারি উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বরাদ্দ, আর্থিক ও মানবিক সহায়তা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসংক্রান্ত অনুরোধসহ সকল প্রকার সুপারিশ ও সহযোগিতার আবেদন অনলাইনে জমা প্রদান করতে হবে।
আবেদনের যথার্থতা যাচাই, আবেদনকারীর পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় যোগাযোগ ও পরবর্তী কার্যক্রম সহজতর করার স্বার্থে প্রতিটি আবেদনের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হলে প্রতিষ্ঠানের পরিচিতি, নিবন্ধন বা প্রাতিষ্ঠানিক পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। একই সঙ্গে আবেদনকারীর সচল মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক।
অসম্পূর্ণ আবেদন, প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য ও যোগাযোগের নম্বরবিহীন আবেদন যাচাই ও বিবেচনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আবেদন দাখিলের ক্ষেত্রে সঠিক, নির্ভুল ও সত্য তথ্য প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, অনলাইনে আবেদন দাখিলের এই ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো আবেদনসমূহের সুশৃঙ্খল সংরক্ষণ, যথাযথ যাচাই-বাছাই, অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে জনসেবায় গতিশীলতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অতএব, জনসেবার মানোন্নয়ন ও আবেদন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করার জন্য একান্তভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
অনুরোধক্রমে,
আহমেদ কবির আদনান
মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী
১৭ লালমনিরহাট-২
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
ওয়েবসাইট: www.rokonuddinbabulmp.com