
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয় বিজিবি। এতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে সীমান্তের প্রায় ১০০ গজ দূরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।