প্রকাশিত,২২ এপ্রিল, ২০২১
মোঃমিজানুর রহমান বাহার বিশেষ প্রতিনিধি:
দেশব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুরপাল্লার কোনো যানবাহন না থাকায় চাপ বেড়েছে ভালুকা উপজেলার স্থানীয় সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিকশাগুলোর।
দুই থেকে তিনগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারন যাত্রীরা। ওইসব অটো চালকেরাও লকডাউনের বিষয়টি মাথায় রেখে সুযোগ সন্ধানির মত সাধারণ যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ডাবল, রি-ডাবল ভাড়া।
নিরুপায় আর দিশেহারা ওইসব সাধারণ যাত্রীরা একমত বাধ্য হয়েই সড়কের ব্যাটারি চালিত অটোগুলোকে পরিবহনের বাহন হিসেবে বেছে নিচ্ছেন।
মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক ঘুরে জানা যায়, প্রতিদিনই কিছুনা কিছু প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতে হয় গ্রাম শহরের মানুষজনদের। সড়কে যাত্রীবাহী কোনো যানবাহন না থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। প্রচন্ড গরম আর রোদ সহ্য করে যদিওবা অটোরিকশার দেখা মেলে তাতেও ভাড়া নিয়ে বাধে যত গন্ডগোল-তর্কবিতর্ক। করোনা মহামারিকালে চালকরা পুরোদমে মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় নিয়ে ইচ্ছেমত ভাড়া আদায় করছে।