
প্রকাশিত
শাহরাস্তি (চাঁদপুর):
মেয়ের জন্মদিনের আনন্দের মুহূর্ত মুহূর্তেই রূপ নিল এক করুণ বিষাদে। প্রিয় সন্তানের মুখে হাসি ফোটাতে জন্মদিনের কেক কিনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী পিতা। আগামী ১০ অক্টোবর কর্মস্থলে ফেরার কথা থাকলেও তার আগেই থেমে গেল জীবনের সব আয়োজন।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শিবপুর রাস্তার মোড় এলাকায়। নিহত ব্যক্তির বাড়ি শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের ধামরা (কৃষ্ণপুর) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৮ অক্টোবর ছিল নিহতের একমাত্র মেয়ের জন্মদিন। এছাড়া আগামী ১০ অক্টোবর ছুটি শেষে প্রবাসের কর্মস্থলে ফেরার কথা ছিল তার। প্রিয়জনদের ছেড়ে যাওয়ার প্রস্তুতি এবং মেয়ের শুভ জন্মদিনকে ঘিরে পরিবারে চলছিল উৎসবের আমেজ।
মেয়েকে সারপ্রাইজ দিতে ও জন্মদিনের কেক কিনতে তিনি নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু পথিমধ্যে শাহরাস্তির শিবপুর রাস্তার মোড়ে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
একদিকে ঘরে মেয়ের জন্মদিনের অপেক্ষার প্রহর, অন্যদিকে প্রিয় বাবার নিথর দেহ ফিরে আসা—এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারসহ পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই একটি পরিবারের সব স্বপ্ন ও আনন্দ ধূলিসাৎ হয়ে গেল।
এমন মর্মান্তিক ঘটনা স্মরণ করিয়ে দেয় অসাবধানতার করুণ পরিণতিকে। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকে সতর্কতার সঙ্গে ও নিরাপদ গতিতে বাইক চালানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।