
অর্থনীতি প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২০ ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১২ টাকা করে পাবেন।
কোম্পানিটির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় কমে গেছে।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জানুয়ারি।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১৮ টাকা ১৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬১ টাকা ৪০ পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যতখুশি বাড়তে পারবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ারের দাম নামতে পারবে না।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৫৮ পয়সা। সে হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৫১ পয়সা।
মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭৪ টাকা ৫৩ পয়সা যা গত জুলাইতে ছিল ১৬১ টাকা ৪০ পয়সা।