মুন্সীগঞ্জে নদীপথে ছিনতাই ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ‘চোরা জসিম’ আলোচনায়,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৩, ১০:১৬ অপরাহ্ন /
মুন্সীগঞ্জে নদীপথে ছিনতাই ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ‘চোরা জসিম’ আলোচনায়,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে নদীপথে ছিনতাই, ডাকাতি এবং অবৈধ বালু উত্তোলনের অভিযোগে জসিম দেওয়ান ওরফে ‘চোরা জসিম’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে নানা মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের নজরদারির মধ্যেই তিনি বেপরোয়া হয়ে নদীপথে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে টার্গেট করে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমেও একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে জসিম দেওয়ানের সম্পৃক্ততার কথা বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে, তিনি মুন্সীগঞ্জের সংসদ সদস্য রতন মিয়া–এর নাম ব্যবহার করে অবৈধ বালু ব্যবসা পরিচালনা করছেন বলে প্রচার চালাচ্ছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও জানা গেছে, অভিযুক্ত জসিম দেওয়ানের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। চাঁদপুর, শরীয়তপুর ও বরিশাল জেলায় তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও অবৈধ বালু উত্তোলনসংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর আনুষ্ঠানিক নথিপত্র যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীপথে নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ী ও সাধারণ নৌযাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।