

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুরী গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহটি তিন মাস ধরে নিখোঁজ থাকা এক যুবকের বলে পরিবারের দাবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভাকুরী গ্রামের বাসিন্দা সত্য মন্ডলের পুকুরে মাছ ধরার জন্য কচুরিপানা পরিষ্কার করছিলেন তন্ময় নামের এক যুবক। এ সময় কচুরিপানার নিচে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে পাশ্ববর্তী লতিফপুর গ্রামের বাসিন্দা আক্তার আলী মোল্লা ঘটনাস্থলে এসে মরদেহের পরিহিত কাপড় দেখে এটি তাঁর ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩১)-এর মরদেহ বলে শনাক্ত করেন। তৌহিদুল ইসলাম লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে তৌহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে প্রথমে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় এসআই আরিফ হোসেন মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















আপনার মতামত লিখুন :