
প্রকাশিত
আইনাল ইসলাম।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই দিনে সারাদেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ২৯টি সাংগঠনিক ইউনিটের নতুন,পূর্ণাঙ্গ,আংশিক ও বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ত্যাগী,পরীক্ষিত ও দীর্ঘদিন মাঠে সক্রিয় ছাত্রনেতারা।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবরে ময়মনসিংহ দক্ষিণ জেলার আওতাধীন ত্রিশাল, ফুলপুর, গফরগাঁও, ভালুকা, মুক্তাগাছা, নান্দাইলসহ বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নবনিযুক্ত সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “দীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাংগঠনিকভাবে জেলা ইউনিটকে আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “ব্যক্তিস্বার্থ, প্রতিহিংসা, গ্রুপিং ও বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বয়ের মাধ্যমে সকল ত্যাগী নেতাকর্মীর যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখা হবে।”
সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন বলেন, “ছাত্রদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক জিয়াউর রহমান ও খালেদা জিয়া এর আদর্শ বাস্তবায়নে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করা হবে।”
কমিটি ঘোষণার পরপরই ময়মনসিংহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শতাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মাঠ পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল এখন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংগঠনিক পুনর্গঠনে জোর দিচ্ছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি সেই বৃহৎ সাংগঠনিক পুনর্বিন্যাসেরই অংশ।
নবঘোষিত এ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থী সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রাম ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।