
প্রকাশিত
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া-ময়মনসিংহ সড়কের গুরুত্বপূর্ণ গোয়াতলা কংস নদীর ওপর নির্মিত স্টিল ব্রিজের একটি অংশ অতিরিক্ত বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ।
শনিবার (৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে একটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ব্রিজে ওঠার সময় হঠাৎ ব্রিজটির একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্রিজ দিয়ে অতিরিক্ত ওজনের বালুবোঝাই ট্রাক অবাধে চলাচল করে আসছিল। বারবার সতর্ক করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে স্থানীয়দের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, ক্ষমতাধর মহলের প্রভাবের কারণে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ভারী যানবাহন চলাচল করত। ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের অবস্থাও দীর্ঘদিন ধরে নাজুক। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হলেও সংস্কার কাজ ছিল ধীরগতির। এ বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
ব্রিজ ধসের ঘটনায় ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দাসহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয়রা দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু এবং স্থায়ীভাবে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্রিজ ধসের কারণ তদন্ত এবং দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, দায়ীদের জবাবদিহির আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।