
প্রকাশিত,১৬, জুলাই,২০২২
ময়মনসিংহ প্রতিনিধ ঃ
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাপায় স্বামী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তাঁর স্ত্রী রত্না (৩০) ও মেয়ে সানজিদা (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো জীবিত আছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়ি চাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।