
প্রকাশিত
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১২ আগস্ট) কলেজের পরিচালনা পর্ষদের কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা এ বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা অনতিবিলম্বে বর্তমান কমিটি পুনর্গঠন করে নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা ও মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলেও তারা দাবি করেন।
তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি। তাই বিতর্কিত কমিটি বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান তারা।
বিক্ষোভে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন বাবুল, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সিদ্দিক মোল্লা, নাসিম খান, মানিছউদ্দিন, কেএম শাহ জামাল, খায়ের হোসেন, শাহাদাৎ শিকদার, মোস্তাফিজুর রহমান রিপন, হাফেজ আলমগীর, মনির হোসেন, নজরুল ইসলাম সবুজ, মাসুম, দেলোয়ার, মজিবর রহমান, গিয়াসউদ্দিন, সুজন, মঞ্জু, ইকবাল, শুভ, পারভেজ ও লিছানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিক্ষোভকারীরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কলেজের স্বার্থে অনতিবিলম্বে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।