
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাংবাদিক হারুন অর রশিদ ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত অতর্কিতে হারুন অর রশিদের বসতবাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা চালায়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী শিক্ষক ইশরাত জাহান ও তাদের অসুস্থ সন্তান আতঙ্কিত হয়ে পড়েন।
ইশরাত জাহান জানান, শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
সাংবাদিক মো. হারুন অর রশিদ এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, "পরিবার নিয়ে আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।"
খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, "আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"