প্রতিমন্ত্রী নুরুল হক নুরের শুভাগমন উপলক্ষে গলাচিপা দশমিনায় উৎসবের আমেজ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-২৭, ৯:৫৮ অপরাহ্ন /
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের শুভাগমন উপলক্ষে গলাচিপা দশমিনায় উৎসবের আমেজ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর গলাচিপা শুভাগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার আবহ।

বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হন। পরবর্তীতে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ এই দুটি দপ্তরের দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী নুরুল হক নুর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ০১ মার্চ ২০২৬ পর্যন্ত পটুয়াখালী ও বরিশাল জেলা সফর করবেন। এ সময় তিনি গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা,
“সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা” শীর্ষক উম্মুক্ত মতবিনিময় সভা, ব্যবসায়ী এবং হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময়, ইফতার মাহফিল এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। স্থানীয় সমস্যা, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

তার সফরকে কেন্দ্র করে গলাচিপা ও দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ এবং বিএনপির একাংশ নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতিমন্ত্রীর প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, “আমরা নুরুল হক নুরকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি। তিনি এখন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন—এটি আমাদের গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে গলাচিপা-দশমিনায় কর্মসংস্থান, অবকাঠামো ও প্রবাসী কল্যাণে দৃশ্যমান উন্নয়ন হবে।”

সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অবহেলিত খাতগুলো পাবে নতুন গতি, এবং তরুণ প্রজন্মের জন্য গড়ে উঠবে সম্ভাবনার নতুন দিগন্ত।

সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে, প্রবাসগামীদের হয়রানি কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
সব মিলিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এ সফরকে ঘিরে গলাচিপা ও দশমিনায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উন্নয়নের প্রত্যাশায় প্রহর গুনছে পুরো জনপদ।