প্রকাশিত, ২৩-১২-২০২০
মোঃ শফিকুল ইসলাম
খানসামা প্রতিনিধিঃ
উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। গত কয়েক দিনের শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ৯-১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। সব কিছুই দেখা যায় ধোঁয়াশার মতো। গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়তে থাকে হিম কুয়াশা। এতে করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারের লোকজন। ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। দিনেও হেড লাইট জালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।
সেই সঙ্গে নদীর তীরবর্তী প্রান্তিক চাষিদের মাঝেও বেড়েছে দুর্ভোগ। গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারি ও অন্যান্যরা। শিক্ষার্থীদের ক্ষেত্রেও শীতের ব্যাপক প্রভাব পড়তে দেখা গেছে।
উপজেলার ছাতিয়ানগড় গ্রামের কৃষক রেয়াজুল ইসলাম বলেন, শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরও থেমে নেই তাদের কৃষি কাজ। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকেই মাঠে আলু-রসুন ক্ষেতের পরিচর্যা করছেন তারা।
উপজেলার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় বাড়ছে শীতের তীব্রতা। শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে ইতিমধ্যে শীতের বিভিন্ন ধরনের বস্ত্রবিতরণ বিতরণ শুরু করা হয়েছে।