
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশন ও ঢাকা টাইমসের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের কাছে অবস্থিত পটুয়াখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে শনিবার গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের।
এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ প্রথমে ভিডিও ধারণে বাধা দেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিক আবু তাহেরের ওপর চড়াও হন। ঘটনার ভিডিওতে সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে দেখা যায়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়ার দৃশ্যও ভিডিওতে রয়েছে।