
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর উপকূলীয় নদ-নদী ও সাগরে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর আগে গভীর সাগর থেকে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, রাঙ্গাবালী, গলাচিপা ও দশমিনাসহ বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্রে ফিরতে শুরু করেছেন জেলেরা।
তবে এ বছর এখনো ইলিশের পেটে পর্যাপ্ত ডিম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন জেলেরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে এলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশের দেখা মেলেনি। তারপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন তারা।
জেলেরা আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে দেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ ও ইলিশ শিকার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত জেলেদের জন্য সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং তা সঠিকভাবে প্রকৃত জেলেদের মধ্যে বিতরণের দাবি জানান তারা।
এদিকে নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞার সময় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদী ও সাগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগের অভিযান ও নজরদারি জোরদার থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।