
প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বসুরহাট একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২০ইজুন (শনিবার) সকাল ১১ ঘটিকায় বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুরহাট একাডেমীর সভাপতি অরবিন্দ ভৌমিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকীম,মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, বসুরহাট একাডেমীর সহ-সভাপতি ও চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজ-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি-এর সভাপতি আমীর হোসেন, বসুরহাট একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের পুত্র তরুণ আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার, সহকারী প্রধান ফেরদৌস হায়দার চৌধুরী, যৌথ ভাবে সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক জগন্নাথ দেবনাথ বিজয় ও তাহমিনা ইয়াছমিন নূপুরসহ অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানে, বসুরহাট একাডেমি'র শিক্ষার্থী জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬ জন ও সাধারণ গ্রেড়ে ৩ জন, অপর দিকে ২০২৫ সালে উত্তীর্ণ এসএসসি (A+) প্রাপ্ত ৩ মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময়ে উপস্থিত ছিলেন বসুরহাট একাডেমীর পরিচালনা পর্ষদ’র সদস্যবৃন্দ,অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।