

প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরিকালে আলাউদ্দিন নামে এক ভাঙারী ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা।
জানা যায়, সেনবাগের কানকির হাট এলাকার বাসিন্দা আলাউদ্দিন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে ভাঙারী ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন এলাকা থেকে ভাঙারী মালামাল সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, ভাঙারী ব্যবসার আড়ালে তিনি চুরি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৬ রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির চেষ্টা করে।
খুঁটি থেকে নামার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। এ সময় সিএনজি যোগে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আলা উদ্দিন ঘটনাস্থলেই ধরা পড়েন।
পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক খুঁটির সরঞ্জাম, নলকূপ, অটোরিকশার ব্যাটারি, মসজিদের মাইক, ওয়াইফাই তার ও বিদ্যুতের তারসহ বিভিন্ন ধরনের চুরি বেড়ে গেছে।
এসব ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে মাদকসেবী এবং ভাঙারী ব্যবসার সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যক্তি সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এসব চুরি রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং কঠোর ব্যবস্থা নেয়া দরকার।


















আপনার মতামত লিখুন :