
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টাস্কফোর্সের অভিযানে ২ গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ মো. সেরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নাচোল উপজেলার ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় সেরাজুল ইসলামের পরিহিত শার্টের বুকপকেট থেকে ২ গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।