দশমিনায় সংখ্যালঘু পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-২৩, ২:০৮ অপরাহ্ন /
দশমিনায় সংখ্যালঘু পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় রবিবার গভীর রাতে এক সংখ্যালঘু পরিবারের ওপর দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার ঠাকুরের হাট এলাকার জাফরাবাদ গ্রামে নিতাই বাওয়ালি নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাত দল হামলা চালায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিতাই বাওয়ালির বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতরা তাদের হাত-পা বেঁধে আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়াও, বাড়ির বিভিন্ন আসবাবপত্রও ভাংচুর করে। ঘটনার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের বাঁধন খুলে দেয়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী নিতাই বাওয়ালি বলেন, “আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ৮-১০ জন লোক আমাদের ঘরের দরজা ভেঙে ঢুকে আমাদের সবাইকে হাত-পা এবং চোখ বেঁধে একটি রুমে রেখে দেয়। এরপর তারা আমাদের ঘরের স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, “২৪-২৫ বছর ধরে আমাদের হিন্দু পরিবারে এমন ঘটনা কখনও ঘটেনি। আমরা দশমিনা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি, দ্রুত ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক।”এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, “ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।