
প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবির (৩৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা রায়হান মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কবির উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায় করতে মেহেদী হাসান কবির তাঁর বন্ধু ও পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মেহেদী হাসান কবির ও রায়হান মিয়া মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান কবিরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান কবিরকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক মেহেদী হাসান কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেহেদী হাসান কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করে মাওলানা এমদাদুল হক বলেন, মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।