

প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক ঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য বিদ্যাপীঠ ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ পরিদর্শন করেছেন সরকারের দুই প্রভাবশালী প্রতিমন্ত্রী।
শনিবার (০৪ এপ্রিল) এক বর্ণাঢ্য সফরে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি।
আজ দুপুরে প্রতিমন্ত্রীদ্বয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
পরিদর্শনকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, চলমান একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এ সময়
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও গবেষণার প্রসারে সরকারের বিশেষ সহযোগিতার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়নে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতার বলিষ্ঠ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে
সাংসদ ও সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন তাঁর বক্তব্যে বলেন, “আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন যে সরকারের দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে আনতে পেরেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো বড় উৎসবে তাঁদের আবারও অতিথি হিসেবে আমরা পাশে পাব।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, প্রভোস্ট এবং ত্রিশাল ও ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই প্রতিমন্ত্রীর এই সফর বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো ও শিক্ষা পরিবেশের মানোন্নয়নে নতুন গতির সঞ্চার করবে বলে শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন।


















আপনার মতামত লিখুন :